River Research Institute (RRI)

Citizen Charter

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

        নদী গবেষণা ইনস্টিটিউট 

          ফরিদপুর, বাংলাদেশ 

 

                                                                        ‘‘সিটিজেন চার্টার’’

(নাগরিক সনদ)

ভূমিকা:

 নদী মাতৃক এ বাংলাদেশ একটি অতি জটিল পলিভরণকৃত ব-দ্বীপ। অসংখ্য বিনুনি শাখা প্রশাখা সহ গঙ্গা-পদ্মা, ব্রহ্মপুত্র-যমুনা ও মেঘনা এ ৩টি অন্যতম প্রধান ও সুবৃহৎ আন্তর্জাতিক নদীমালা কর্তৃক বাহিত পলিতে গঠিত এ বাংলাদেশ। এতদবিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তৎকালীন সরকার ১৯৪৮ সালে ঢাকার গ্রীণরোডে প্রায় ১২ একর জমির উপর ‘‘হাইড্রলিক রিসার্চ ল্যাবরেটরী’’ নামে একটি গবেষণাগার স্থাপন করে। স্বাধীনতা উত্তরকালে ব্যাপক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার প্রয়োজনীয়তা অনুভব করে বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে এবং ‘‘হাইড্রলিক রিসার্চ ল্যাবরেটরী’’ প্রতিষ্ঠানটি ইহার সহিত একীভূত করে। পরবর্তীতে পানি সম্পদ সেক্টরে বহুমুখী গবেষণা কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৯০ সনের ৫৩নং আইন বলে নদী গবেষণা ইনস্টিটিউট কে একটি সংবিধিবদ্ধ স্বায়ত্ব-শাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন হতে আলাদা করে সরাসরি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে।

পরিচিতি:

·     ১৯৮৯ সালে ঢাকা শহর হতে ১৪০ কিলোমিটার দুরে ফরিদপুর শহরের উপকন্ঠে ৮৬ একর জমির উপর এক মনোরম পরিবেশে নদী গবেষণা ইনষ্টিটিউট প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।

·     এটি একটি সংবিধিবদ্ধ বহুমূখী সরকারী গবেষণামূলক সংস্থা যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সরাসরি কাজ করছে। নগই এর পরিচালনা ও প্রশাসন ১০(দশ) সদস্য বিশিষ্ট একটি পরিচালনা বোর্ডের উপর ন্যস্ত। পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী/উপদেষ্টা হচ্ছেন এ বোর্ডের চেয়ারম্যান। মহাপরিচালক হচ্ছেন বোর্ডের সদস্য-সচিব এবং ইনষ্টিটিউটের মূখ্য নির্বাহী।

নদী গবেষণা ইনষ্টিটিউট (নগই)

এর পরিচালনা বোর্ড

১) মন্ত্রী/উপদেষ্টা, পানি সম্পদ মন্ত্রণালয়             ঃ চেয়ারম্যান

২) চেয়ারম্যান, জেলা পরিষদ, ফরিদপুর             ঃ সদস্য

৩) সরকার কর্তৃক মনোনীত একজন এমপি          ঃ সদস্য

৪) সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়                      ঃ সদস্য

৫) সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়                     ঃ সদস্য

৬) উপাচার্য, বুয়েট, ঢাকা।                            ঃ সদস্য

৭) মহাপরিচালক, বাপাউবো                          ঃ সদস্য

৮) সরকার কর্তৃক মনোনীত দুইজন

    পানি সম্পদ প্রকৌশলী/বিজ্ঞানী                    ঃ সদস্য

৯) মহাপরিচালক, নগই, ফরিদপুর।                     সদস্য-সচিব


·        ইনস্টিটিউটের অনুমোদিত বিদ্যমান কাঠামোর পদসংখ্যা মোট ২৫৭ জন। তন্মদ্ধে কর্মকর্তা ৭১ জন এবং কর্মচারী ১৮৬ জন।

উদ্দেশ্য

নদী গবেষণা ইনস্টিটিউট উদ্দেশ্য/কার্য্যাবলী (১৯৯০ ইং সনের ৫৩ নং আইন অনুযায়ী) নিম্নরূপঃ

·         নদী প্রশিক্ষণ, নদীর ভাংগন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ও পানি নিস্কাশনের প্রয়োজনে নক্শা প্রণয়নের জন্য এবং নদী কৌশল, নদীর পলল নিয়ন্ত্রণ, নদীর মোহনা এবং জোয়ার ভাটা সম্পর্কিত গবেষণা কাজে ভৌত মডেলের মাধ্যমে সমীক্ষা পরিচালনা করা;

·         পানি সম্পদ উন্নয়নের জন্য নদীর পানি প্রবাহ এবং পানি বিভাজন এলাকা, পানি বিজ্ঞান, ভূ-পরিস্থ ও ভূ-গর্ভস্থ পানি ব্যবহার এবং পরিবেশগত বিষয়াদি বিশেষতঃ লবণাক্ততার অনুপ্রবেশ এবং পানির গুণাগুন সম্পর্কে গাণিতিক মডেলের মাধ্যমে সমীক্ষা পরিচালনা করা;

·         নদী প্রশিক্ষণ, নদীর ভাংগন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ও পানি নিস্কাশনের জন্য নির্মাণ কাজে ব্যবহৃত উপকরণ পরীক্ষা এবং নির্মাণ কাজের মানের তদন্ত ও মূল্যায়ন করা;

·         উপরিউল্লেখিত বিষয়সমূহে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং তৎসংশ্লিষ্ট কারিগরী বিষয়ে সাময়িকী ও প্রতিবেদন প্রকাশ করা;

·         উপরিউল্লেখিত কোন বিষয় সম্পর্কে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোন প্রতিষ্ঠানকে পরামর্শ প্রদান করা;

·         উহার কার্য্যাবলীর মত একই প্রকার কার্যে নিয়োজিত অন্য কোন দেশী বা বিদেশী সংস্থার সহিত সহযোগিতা করা এবং যৌথ কার্য্যক্রম পরিচালনা করা;

·         উপরিউক্ত কার্য্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে কোন পদক্ষেপ গ্রহণ করা।

কর্মকান্ড:

 নদী গবেষণা ইনস্টিটিউট এর গবেষণাসহ বিভিন্ন কারিগরী কাজ যেমন ভৌত মডেল স্ট্যাডি, ল্যাবরেটরী টেষ্ট ও প্রায়োগিক গবেষণা মূলতঃ হাইড্রলিক রিসার্চ পরিদপ্তর ও জিওটেকনিক্যাল রিসার্চ পরিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়। প্রশাসন ও অর্থ পরিদপ্তরের মাধ্যমে নগই’র সার্বিক প্রশাসন পরিচালনাসহ অর্থনৈতিক বিষয়াবলী নিয়ন্ত্রিত হয়। নিম্নে হাইড্রলিক রিসার্চ পরিদপ্তর এবং জিওটেকলিক্যাল রিসার্চ পরিদপ্তরের সংক্ষিপ্ত কার্যাবলীঃ

হাইড্রলিক রিসার্চ পরিদপ্তর

হাইড্রলিক রিসার্চ পরিদপ্তরের অধীনে ৩টি বিভাগ রয়েছে। সেগুলো হচেছ: (১) রিভার এন্ড কোষ্টাল হাইড্রলিক বিভাগ, (২) হাইড্রলিক স্ট্রাকচার এন্ড ইরিগেশন বিভাগ এবং (৩) ম্যাথেমেটিক্যাল মডেলিং বিভাগ।


 

 

(১) রিভার এন্ড কোষ্টাল হাইড্রলিক বিভাগের মাধ্যমে নদী প্রশিক্ষণ, নদীর ভাঙ্গন রোধ, বন্যা নিয়ন্ত্রণ, নদী কৌশল, নদীর পলল নিয়ন্ত্রণ, নদীর মোহনা ও জোয়ার ভাটা সম্পর্কিত গবেষণা কাজে ভৌত মডেলের মাধ্যমে সমীক্ষা পরিচালনা করা। একমাত্র ভৌত মডেলের সমীক্ষার মাধ্যমে সম্ভব হয় শুষ্ক মৌসুমে চ্যানেলের বাস্তব অবস্থা অবলোকন সহ পানির ঘূর্ণায়ন ও নদীর বাঁকের ক্রিয়াকর্মের ফলাফল নির্ণয় করা।

(২) হাইড্রলিক স্ট্রাকচার এন্ড ইরিগেশন বিভাগের মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত বিভিন্ন কাঠামো যেমন ব্রীজ, ব্যারেজ, সলুইস, কালভার্ট, গ্রোয়েন, রিভেটমেন্ট ইত্যাদির প্রকৃত স্থান নির্ধারণসহ নকশা কাজে প্রয়োজনীয় প্যারামিটার সঠিকতার জন্য ভৌত মডেলের মাধ্যমে সমীক্ষা পরিচালনা করা ।

(৩) ম্যাথেমেটিক্যাল মডেলিং বিভাগের মাধ্যমে পানি সম্পদ উন্নয়নের জন্য নদীর পানি প্রবাহ এবং পানি বিভাজন এলাকা, পানি বিজ্ঞান, ভূ-পরিস্থ ও ভূ-গর্ভস্থ পানি ব্যবহার এবং পরিবেশগত বিষয়াদি বিশেষতঃ লবনাক্তার অনুপ্রবেশ এবং পানির গুণাগুণ সম্পর্কে সমীক্ষা পরিচালনা করা। এতদবিষয়ে বাংলাদেশ সরকারের SICT প্রকল্পের আওতায় DHI, Denmark এর MIKE series software পাওয়া গিয়াছে।

জিওটেকনিক্যাল রিসার্চ পরিদপ্তর

জিওটেকনিক্যাল রিসার্চ পরিদপ্তরের অধীনে ৩টি বিভাগ রয়েছে। সেগুলো হচেছঃ (১)সয়েল মেকানিক্স এন্ড গ্রাউন্ড ওয়াটার বিভাগ, (২) ম্যাটেরিয়াল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল বিভাগ এবং (৩) সেডিমেন্ট, কেমিক্যাল এন্ড ওয়াটার পলুউশন বিভাগ।

(১)সয়েল মেকানিক্স এন্ড গ্রাউন্ড ওয়াটার বিভাগের মাধ্যমে মাটির প্রকৌশলগত গুণাগুণ যেমন Unconfined Compressive strength, Consolidation Test,Shear Strength, Direct shear, Tri-axial shear, California Bearing Ratio (CBR), Atterberg Lemit ইত্যাদি নির্নয় করা হয়। যা পানি সম্পদ উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প যেমন বন্যা নিয়ন্ত্রণ কাঠামো, সেচ ও ড্রেনেজ কাঠামো, সলুইস, ব্যারেজ ইত্যাদির প্লানিং এবং ডিজাইন ফেজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

(২) ম্যাটেরিয়াল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল বিভাগের মাধ্যমে পানি সম্পদ উন্নয়নে ভৌত কাঠামো নির্মান কাজে ব্যবহৃত উপকরণ যেমন সিমেন্ট, বালি, ইট, কন্ক্রিট ইত্যাদির প্রকৌশলগত গুণাগুণ নির্ণয় করা হয়। যা নির্মাণ কাজের মানের তদন্ত ও মূল্যায়ন প্রক্রিয়াকে নিশ্চিত প্রদান করে।

(৩) সেডিমেন্ট, কেমিক্যাল এন্ড ওয়াটার পলুউশন বিভাগের মাধ্যমে নদীবাহিত পলির প্রকৌশলগত গুনাগুনসহ ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ পানির বিভিন্ন উপাদান যেমন আর্সেনিক, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, কার্বনেট, পটাসিয়াম, লবনাক্ততা ইত্যাদি গুনাগুন পরীক্ষা করা হয়। যা প্রকল্পের প্লানিং এবং ডিজাইন কাজে সহায়ক ভূমিকা পালন করে।

দক্ষ জনবল

নদী গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত ভৌত মডেল স্ট্যাডি ও জিওটেকনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা কাজের জন্য দক্ষ টেকনিশিয়ান ও বিজ্ঞানী রয়েছে। এ যাবৎ প্রশিক্ষণ/উচ্চ শিক্ষার্থে মোট ৩৭ জন বিজ্ঞানী বৃত্তি প্রাপ্তির মাধ্যমে বিদেশে গমন করে এবং উচ্চতর ডিগ্রী লাভ করেছেন। বর্তমানে ৫জন বিজ্ঞানী বিদেশে অবস্থান করছেন।

সম্পাদিত কার্যক্রমঃ

হাইড্রলিক রিসার্চ পরিদপ্তর: হাইড্রলিক রিসার্চ পরিদপ্তর ১৯৪৮ সাল হতে অদ্যাবধি এ পরিদপ্তরের আওতায় বিভিন্ন প্রকল্পের প্রায় দুই শতাধিক ভৌত মডেল স্ট্যাডির কাজ সম্পাদন করে আসছে। নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্পের নাম উল্লেখ করা যার আওতায় ভৌত মডেল ষ্টাডি সম্পাদিত হয়েছে ।

গড়াই নদীর ভাঙ্গন হতে কুষ্টিয়া শহর রক্ষা প্রকল্প ; পদ্মা নদীর ভাঙ্গন হতে ফরিদপুর শহর এবং চরভদ্রাসন এলাকা রক্ষা প্রকল্প; বগুড়া জেলার অন্তর্গত সারিয়াকান্দি উপজেলার দেবভাঙ্গা এলাকায় যমুনা-বাঙ্গাঁলী নদীর একীভূতকরনরোধ প্রকল্প; গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্প; যমুনা বহুমুখী সেতু প্রকল্প; ভৈরব রোডওয়ে ব্রীজ প্রকল্প ; মাতামুহুরী লুপকাট প্রকল্প; সিরাজগঞ্জ শহর রক্ষা প্রকল্প; তিস্তা ব্যারেজ প্রকল্প; কাপ্তাই ড্যাম প্রকল্প।

জিওটেকনিক্যাল রিসার্চ পরিদপ্তর

জিওটেকনিক্যাল রিসার্চঃ জিওটেকনিক্যাল রিসার্চ পরিদপ্তরের আওতায় ১৯৪৮ সাল হতে বহুসংখ্যক প্রকল্পের মৃত্তিকা, পলল, পানি এবং নির্মাণ সামগ্রীর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্পের নাম উল্লেখ করা হলো:-


ঢাকা সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প; তিস্তা প্রকল্প, রংপুর; কম্পার্টমেন্টালাইজেশন পাইলট প্রকল্প, টাঙ্গাইল; সেকেন্ডারী টাউন্স ইন্টিগ্রেটেড ফ্লাড প্রটেকশন প্রকল্প, খুলনা; বগুড়া রিভার ব্যাংক প্রটেকশন প্রকল্প; তারাইল-পাচুরিয়া প্রকল্প, গোপালগঞ্জ;

গোমতী সেচ প্রকল্প, (ফেজ-২,) কুমিল্লা; জি.কে ইরিগেশন প্রকল্প, কুষ্টিয়া; উপকুলীয় বাঁধ পুনর্বাসন প্রকল্প (CERP); খুলনা-যশোর নিস্কাশন পুনর্বাসন প্রকল্প; সুরেস্বর পাইলট প্রকল্প, শরিয়তপুর; জামালপুর প্রায়োরিটি প্রজেক্ট স্ট্যাডি

বর্তমান কার্যক্রম

(১) ৩ (তিন) বৎসর মেয়াদী: ‘‘ Institutional Development & Capacity Building of River Research Institute” শীর্ষক প্রকল্পটির বাস্তবায়নের কার্যক্রম চলছে। উক্ত প্রকল্পটি বাস্তবায়িত হলে ইনস্টিটিউটের গবেষনা এবং পরীক্ষা নিরীক্ষার মান বহুলাংশে বৃদ্ধি পাবে।

২) ৩ (তিন) বৎসর মেয়াদী: ‘‘Research on the Effect of Bandalling on River Flow & Morphology” শীর্ষক প্রকল্পটির  বাস্তবায়নের কার্যক্রম চলছে। এ প্রকল্পের উদ্দেশ্য হল স্থানীয় প্রযুক্তি ব্যবহার পূর্বক নদীর প্রবাহ ও মরফোলজি পরিবর্তন করে নদী ভাঙ্গন রোধ এবং নদীর নাব্যতা উন্নয়ন করা।

৩) জিওটেকনিক্যাল রিসার্চ পরিদপ্তরের আওতায় ৫০০০ টি মাটির নমুনা এবং ৭০০টি কংক্রিট ও উপকরণ নমুনা এবং ২০০ টি সেডিমেন্ট ও পানির নমুনা এর পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে।

 সুবিধাদি :

উন্মুক্ত মডেল এলাকা: নয়টি কম্পাটমেন্টের সমন্বয়ে উন্মুক্ত মডেল এলাকা গঠিত। নয়টির মধ্যে তিনটির সাইজ ১২৫মিটার, ৪০মিটার এবং বাকী ছয়টির সাইজ ৬০মিটার, ৪০ মিটার। প্রতিটি কম্পাটমেন্ট ক্যানেল নেটওর্য়াকের সহিত সংযুক্ত এবং পাম্পিং ষ্টেশনের মাধ্যমে ক্যানেল নেটওর্য়াকে পানি সরবরাহ করা হয়। পাম্পিং ষ্টেশনে স্থাপিত পাম্পের ও ক্যানেলের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৬০০লিটার/সেকেন্ড।

ইনডোর মডেল এলাকা:  দীর্ঘমেয়াদি গবেষণার জন্য দু’টি মডেল সেড রয়েছে, যার প্রতিটির সাইজ ১০০মিটার X ৩০ মিটার।

টিলটিং ফ্লুম এলাকা: ২১মিটার দৈর্ঘ্য এবং ০.৭০মিটার প্রস্থ একটি গ্লাস সাইডেড টিলটিং ফ্লুম আছে।

প্রশাসন ও অর্থ পরিদপ্তরের কার্যাবলীঃ

জিও-টেকনিক্যাল রিসার্চ পরিদপ্তর ও হাইড্রলিক রিসার্চ পরিদপ্তরের বিভিন্ন গবেষণামূলক কর্মকান্ডে সহযোগিতা প্রদান সহ নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন করেঃ

(ক) পরিচালনা বোর্ডের সভার আলোচ্য সূচী অনুযায়ী কার্যপত্র তৈরীকরণ: (খ) নগই প্রবিধানমালা অনুযায়ী শৃঙ্খলাজনিত বিভাগীয় মামলা নিস্পত্তি (গ) সকল প্রকার নিরীক্ষা প্রতিবেদনের জবাব প্রদান (ঘ) মহামান্য আদালতে সকল প্রকার মামলা নিস্পত্তি (ঙ) নগইর বার্ষিক প্রতিবেদন, জার্নাল, নিউজ লেটার, ব্রুশিয়ার/নগইর খতিয়ান, নগইর ক্যালেন্ডার/ডায়রী ইত্যাদি প্রকাশের কাজ (চ) নগই‘র সকল কর্মকর্তা-কর্মচারীর বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনা চুড়ান্ত করেন এবং প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন (ছ) নগইর সকল কর্মকর্তা/কর্মচারীর সময়মত পদোন্নতি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড স্কেল ইত্যাদি প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন (জ) পানি সম্পদ মন্ত্রণালয়ের ও অন্যান্য মন্ত্রণালয়ের সহিত নিবিড় যোগাযোগ এবং সার্বিক ভাবে সমন্বয় সাধন করেন (ঝ) কর্মচারী কল্যান এবং নগই ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা বিধানের যাবতীয় পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করেন (ঞ) প্রশাসনিক ও আর্থিক ব্যপারে পত্রিকায় প্রকাশিতব্য যে কোন বিষয় নিয়ন্ত্রণ ও চূড়ান্ত করেন (ট) নিয়োগ সংক্রান্ত পরীক্ষা ব্যবস্থাপনা এবং বিভাগীয় পরীক্ষা গ্রহণের বিষয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেন।

লাইব্রেরী: নগইতে একটি সমৃদ্ধশালী লাইব্রেরী আছে, যেখানে হাইড্রলিক্স ও জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দেশী ও বিদেশী ১৩১৩টি বই, ২৫৭৫টি জার্নাল, ৫৮৩৫টি রিপোর্ট, প্রসিডিংস সহ ৩৯১১টি প্রকাশনা আছে।

প্রকাশনা: প্রতি বৎসর একটি টেকনিক্যাল জার্নাল প্রকাশিত হয়। ইহা একটি আর্ন্তজাতিক স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞান গবেষণা প্রকাশনী যার রেজিষ্ট্রেশন নম্বর ISBN 160692277। এ ছাড়াও নগই এর কার্যক্রমের উপর প্রতি বৎসর একটি Annual Report এবং প্রতি চার মাস অন্তর News Letter প্রকাশিত হয়।

উপসংহার:  পানি সম্পদ উন্নয়নে নদী গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ সরকারের একটি Specialized সেবাপ্রদানকারী বহুমুখী গবেষণা মূলক প্রতিষ্ঠান। ১৯৯০ সনের ৫৩নং আইনের মাধ্যমে গবেষণা কাজের পাশাপাশি সরকার কর্তৃক গৃহীত সংশ্লিষ্ট প্রকল্পে নগইর কার্যাবলীর আওতাধীন বিষয় সম্পর্কে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোন প্রতিষ্ঠানকে পরামর্শ তথা সেবাপ্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, পানি সম্পদ উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্পের Physical Model Study সহ জিওটেকনিক্যাল টেষ্টের মাধ্যমে Design Support এর কাজ নগই দীর্ঘদিন ধরে দক্ষতার সহিত সম্পাদন করে আসছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতা উত্তরকালে পানি সম্পদ উন্নয়নে দেশী-বিদেশী বিপুল অর্থের বিনিয়োগ সত্ত্বেও প্রকল্পের স্থায়িত্বের ব্যাপারে সংশয় রয়ে গেছে। এর কারন হিসাবে মনে করা যেতে পারে যে, পানি সম্পদ সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে Physical Model Study-কে উপেক্ষা করে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ফলে একদিকে যেমন সময় অন্যদিকে তেমনি অর্থের অপচয় হয়েছে।

 

এমতাবস্থায়, সরকারের বিধিবদ্ধ সংস্থা হিসাবে নদী গবেষণা ইনস্টিটিউটের কার্যাবলীর সর্বোত্তম ব্যবহারই হচ্ছে বর্তমান সরকারের অভিপ্রায়। আর এই অভিপ্রায়কে বাস্তবে রূপ দানের জন্য প্রয়োজন সচেতনতা ও কারিগরী পদক্ষেপ। তাই নগইর কার্যক্রমকে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বর্তমান সরকার কর্তৃক আশু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

 

 

যোগাযোগ

মহাপরিচালক

নদী গবেষণা ইনষ্টিটিউট
ফরিদপুর-৭৮০০, বাংলাদেশ।

ফোন:০৬৩১-৬২৫৬১,৬৩০০৭, ৬৩৪৮৮,৬৩৫৮০,৬৩৪৬৫,৬২৪৫৪

ফ্যাক্স: +০০৮৮০৬৩১-৬৩০৬৫
E-mail : rribd@yahoo.com
www: rri.gov.bd